বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের অসাধারণ নৈপুণ্যে দুই বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে প্রত্যাবর্তন করেছে কেন্ট। মৌসুমের শেষ ম্যাচে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় বিভাগ থেকে সরাসরি উন্নতি নিশ্চিত করেছে দলটি।
ক্যান্টারবারিতে টসের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কেন্ট। প্রথম ইনিংসে ম্যাট মিলনেসের চার এবং খালেদ আহমেদের তিন উইকেটের সুবাদে গ্লস্টারশায়ার ২২৯ রানে গুটিয়ে যায়। জবাবে বেন কম্পটনের সেঞ্চুরিতে কেন্ট ৩৫৩ রান তুলে ১২৪ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ার কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা বড় হতে দেননি কেন্টের বোলাররা। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া মিলনেস এবার শিকার করেন পাঁচ উইকেট। খালেদের ঝুলিতে যোগ হয় আরও দুই উইকেট। গ্লস্টারশায়ারের ইনিংস ২৪১ রানে থামে। ফলে কেন্টের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১৮ রান, যা জ্যাক ক্রাউলির ৪৪ এবং স্যাম নর্থইস্টের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ৮ উইকেট হাতে রেখেই সহজেই টপকে যায় স্বাগতিকরা।
চলতি মৌসুমে কেন্টের হয়ে তিন ম্যাচ খেলেই খালেদ ১৬ উইকেট নিয়েছেন। এর আগে হাসান মাহমুদও কেন্টের হয়ে চার ম্যাচে ২৬ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওভারলোড ব্যবস্থাপনার কারণে হাসান দেশে ফিরে এলেও তার দেখানো পথেই কেন্টের পেস আক্রমণে উজ্জ্বল অবদান রাখেন খালেদ।
১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগের টেবিলে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কেন্ট। ২৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডারহামও প্রথম বিভাগে উন্নীত হয়েছে। গত মৌসুমে দ্বিতীয় বিভাগের তলানিতে থাকা কেন্ট এবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শীর্ষ স্তরে জায়গা করে নিয়েছে, যা শনিবার নর্দাম্পটনশায়ারের হারের মাধ্যমেই নিশ্চিত হয়েছিল। নিজেদের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে সেই অর্জন উদযাপন করেছে দলটি।

























