চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও হাজী আবদুস ছাত্তারের ছেলে। গত শনিবার রাতে পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা শাহজাহান চৌধুরী। পরে তিনি দোকানটি মো. ইমরান নামের আরেক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে আহত করেন।
আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক দাবি করেন, মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশ্যে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা ও ওই মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী। তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে কোনো মারধর করা হয়নি, বরং তিনি রিকশার ধাক্কায় আঘাত পেয়েছেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিষয়টি তার জানা নেই এবং থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























