রংপুরের পীরগাছায় শাশুড়িকে সম্মান করে কথা না বলায় বাবাকে পেটে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে হাসানুর রহমান (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় নিহত হয়েছেন তার বাবা মহুবার রহমান (৫৫)। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুরের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। ঘটনার দিন সকালে তার শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়ির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে বসতে বা খেতে বলেননি। বিষয়টি নিয়ে পারিবারিক বাকবিতণ্ডা শুরু হলে মহুবার রহমান ছেলেকে তার শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে ও খাবার দিতে বলেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বাবার কথা না শোনায় মহুবার রহমান ছেলেকে একটি থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর ঘরে থাকা একটি ছুরি এনে বাবার পেটে সজোরে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত মহুবার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল জানান, পারিবারিক বিরোধ ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার জেরে এর আগেও হাসানুর তার বাবাকে মারধর করেছিলেন। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ অভিযুক্ত হাসানুরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।


























