পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী। শুক্রবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় উপকূলীয় এলাকায় জেলে ও মহাজনদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
বনদস্যুরা জেলেদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও ছিনিয়ে নিয়েছে। অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলেন খুলনার কয়রা উপজেলার রিপন (২৬), বাগেরহাটের শরণখোলা উপজেলার ফরিদ (৩০) এবং রামপাল উপজেলার রিপন (২৮)।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মহাজন জানান, মজনু বাহিনীর ১০-১২ জনের একটি সশস্ত্র দল ট্রলারযোগে এসে জেলেবহরে হামলা চালায়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারজনকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত অপহৃত জেলেদের মুক্তির জন্য কোনো দস্যু দলের পক্ষ থেকে মহাজনদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় গণমাধ্যমকে জানিয়েছেন, জেলে অপহরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধার এবং তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।


























