চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে নাছিরের বসতঘরে অভিযান চালায় হাটহাজারী মডেল থানা-পুলিশ। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘরের স্টিলের ওয়ারড্রপ ও আলমারি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি এলজি এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির দাবি করেন, প্রায় তিন-চার মাস আগে রাউজানের বাসিন্দা তাঁর বন্ধু মো. তৈয়ব (৪৫) প্রবাসে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তাঁর কাছে আমানত হিসেবে রেখে যান।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজ দখলে রাখার অপরাধে নাছির উদ্দীন এবং পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্রের মূল উৎস ও সহযোগীদের শনাক্ত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।


























