প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা পৃথক দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক, ভারতীয় নাগরিক ডিরেক্টর ডেলিভারি মো. তাবারেজ খান এবং সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল হক।
বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম জানান, আদালতের নির্দেশে গুলশান থানা-পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং সেখানে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন আমলে নিয়েই আদালত এই পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, ‘প্রোটিন অ্যান্ড পিএনপি’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির গত বছরের জুলাই মাসে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন। তদন্ত শেষে গুলশান থানার পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদীর অভিযোগ, চুক্তি অনুযায়ী সবজি ও ফলমূল সরবরাহের পর আসামিরা জালিয়াতির মাধ্যমে ভুয়া স্লিপ তৈরি করে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।


























