জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রত্নসম্পদ পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল কয়া বিওপির আওতাধীন ভূইডোবা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সদস্যরা কষ্টিপাথরটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় সাময়িকভাবে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে উদ্ধার করা পাথরটির সত্যতা ও গুণগত মান পরীক্ষার জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয়। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শেষে কষ্টিপাথরটির সত্যতা নিশ্চিত করে সরকারি সনদ প্রদান করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।


























