ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামির বসতবাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এই ঘটনা ঘটে। তবে বড় ধরনের সহিংসতা এড়াতে অভিযুক্তদের পরিবারের সদস্যদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেন স্থানীয় বয়োজ্যেষ্ঠরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে তার কিশোর ছেলের সামনেই মাকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শরীফ, আরিফ, ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে হামলা চালায় কয়েকশ গ্রামবাসী। বিক্ষুব্ধ জনতা আসামিদের টিনের ঘরের বেড়া ও চাল ভেঙে ফেলে মালামাল বাড়ির পাশে স্তূপ করে রাখে।
এলাকাবাসী জানায়, এমন লোমহর্ষক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত দুদিন ধরে স্থানীয়রা দফায় দফায় বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিন ঘণ্টা ধরে এই ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


























