বর্তমান সময়ে অডিও বাজারের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলা গানের চিরায়ত ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। এই আয়োজনের অংশ হিসেবে দীর্ঘ ১০ বছর পর জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’ প্রকাশ হতে যাচ্ছে।
মোট নয়টি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। এতে কাজী শুভর সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। গানগুলো লিখেছেন ও সুর করেছেন একঝাঁক প্রতিভাবান গীতিকার ও সুরকার, যাদের মধ্যে রয়েছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভসহ আরও অনেকে। সংগীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর।
দীর্ঘ বিরতির পর অ্যালবাম প্রকাশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজী শুভ। তিনি বলেন, “অডিওর এই ক্রান্তিকালে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য ধ্রুব গুহ দাদার প্রতি আমি কৃতজ্ঞ। নয়টি গানই অত্যন্ত যত্ন নিয়ে করা হয়েছে, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ জানান, বাংলা গানের স্বকীয়তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাদের এই প্রচেষ্টা। খুব শীঘ্রই ইউটিউব, স্পটিফাইসহ সকল জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি একযোগে মুক্তি দেওয়া হবে।

























