এশিয়ান গেমসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করার পর প্রধান কোচ সারোয়ার ইমরানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। মাঠের বাইরের নানা বিতর্ক খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে কোচের করা দাবির প্রেক্ষিতে তাকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পারফরম্যান্স নিয়ে বোর্ডের পর্যবেক্ষণ এবং প্রধান কোচের বিকল্প খোঁজার বিষয়টি ক্রিকেটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়েছে। পাকিস্তানের কাছে হারের পর সারোয়ার ইমরান অভিযোগ করেন, এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকেই দলের ওপর মানসিক চাপ তৈরি করা হয়েছে। এমনকি ইন্দোনেশিয়া ও আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেও ব্যাটাররা প্রত্যাশিত রান করতে ব্যর্থ হয়েছেন।
কোচ আরও দাবি করেন, টুর্নামেন্ট চলাকালীন কোচ ও অধিনায়ক পরিবর্তন বা তাদের ওপর চাপ প্রয়োগের খবর গণমাধ্যমে আসায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বড় কোনো আসর চলাকালীন এভাবে দলের শীর্ষ ব্যক্তিদের ওপর মানসিক চাপ তৈরি করলে কীভাবে ভালো ফলাফল আশা করা যায়?
সারোয়ার ইমরানের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোচের এমন অপেশাদার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে। বিসিবির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী অক্টোবরে সারোয়ার ইমরানের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

























