চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, পদ্মা অয়েল কোম্পানির এক কর্মকর্তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এজাহার অনুযায়ী, ফয়সাল ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে ফোনে এবং সরাসরি উপস্থিত হয়ে ওই কর্মকর্তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন।


























