নীলফামারীর ডিমলা উপজেলায় ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদ করায় মালিকের লোহার রডের আঘাতে এক কেমিস্টসহ দুজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবুর রহমান নামের এক গ্রাহককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ‘মেসার্স আলম ফিলিং সেন্টার’-এ এই মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণার পর থেকেই পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। নির্ধারিত সময়ের আগেই পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করে বর্ধিত দামে তেল বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ করেন ক্ষুব্ধ গ্রাহকরা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পাম্প মালিক শাহ আলম লোহার রড দিয়ে গ্রাহকদের ওপর হামলা চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিমলা থানার পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিং সেন্টারটির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।


























