কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মূল অভিযুক্তদের একজন মোজাম্মেল হোসেন ফাহাদ ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার মোবাইল যন্ত্রাংশের দোকানে বিনা বেতনে কাজ শুরু করেছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কামরুন নাহাত শীলা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজিত এক মানববন্ধনে তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, শোকস্তব্ধ পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। অতীতে মাদকবিরোধী অভিযানে কিছু কিশোরকে আটকের জেরে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ক্ষোভ বা প্রতিহিংসা কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া অভিযুক্তদের বয়স ও অপরাধের ধরন সঠিকভাবে উদঘাটনের জন্য ডিএনএ পরীক্ষার পাশাপাশি কঠোর আইনি প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ।


























