মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী ও ওলামা লীগ নেতা মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে যোগদানের ছবি ও খবর ছড়িয়ে পড়া নিয়ে দেশ-বিদেশের রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে চরম আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র হৈচৈ চলছে।
ঘটনার সূত্রপাত, কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল এসে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন—এমন দাবিসহ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর।
ছবিগুলোতে দেখা যায়, শেখ সাইফুল আলম সিদ্দিকী প্রবীণ ও তরুণ বিএনপি নেতাদের সঙ্গে ফুলের তোড়া ও মালা বিনিময় করছেন এবং হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন। বিএনপির কার্যালয়ে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়া ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এরই মধ্যে প্রবাসে ও দেশে অবস্থানরত বিএনপি সমর্থক ও কর্মীরা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
লন্ডন প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম খান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “যে দোসর বিগত দিনে আমাদের মরহুম দেশনেত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করল, সে কীভাবে বিএনপির কার্যালয়ে গিয়ে দলের মনোনীত এমপিকে ফুল দেওয়ার সৎ সাহস পেল? তার ফুল গ্রহণ করার ঘটনায় দেশনেত্রীর আদর্শের কর্মীদের মনে রক্তক্ষরণ হচ্ছে।”
একই ঘটনায় লন্ডনের আরেক প্রবাসী বিএনপি নেতা খন্দকার করিম মন্তব্যে লেখেন, “যে ব্যক্তি কিছুদিন আগেও আমাদের দেশনেত্রীকে নিয়ে কটু কথা বলেছেন, তিনি আজ কীভাবে বিএনপির কার্যালয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে যান? বিএনপির পক্ষ থেকে তাঁর ফুল গ্রহণ করার বিষয়টি নিঃসন্দেহে অনুসারীদের মনে গভীর আঘাত দিয়েছে। রাজনৈতিক সৌজন্য থাকতে পারে, তবে অতীতের আচরণেরও তো মূল্যায়ন থাকা উচিত।”
এদিকে সমালোচনার মুখে গত ৩১ অক্টোবর সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু নিজ অবস্থান ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছেন।


























