রাজনৈতিক দলগুলোতে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের কারণে বৈচিত্র্যপূর্ণ নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, দেশের রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি এবং একাধিক রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশ ঘটেনি।
রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতা হ্রাস পাবে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন দেখা যায়নি।
টিআইবি কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে— রাজনৈতিক দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর প্রয়োজনীয় সংশোধন করা। এই সংশোধনের আওতায় আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সহজ করা এবং নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা ও সুপারিশ সাপেক্ষে নিবন্ধন নবায়ন করা। আরপিও, ১৯৭২ অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য ব্যক্তিদের কোনো নিবন্ধিত দলের সাধারণ কমিটির সদস্য না করা।
এছাড়াও, নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার দলের স্থানীয় সদস্যদের গোপন ভোটে তৈরি প্যানেল থেকে মনোনয়ন চূড়ান্ত করা, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর তিন বছরের দলীয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করা এবং সকল দলের আর্থিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংস্থাটি।


























