জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মন্তব্য করেছেন যে, ‘আমার দেশ’ পত্রিকা জনসম্মুখে ছিঁড়ে ফেলা কোনোভাবেই প্রতিবাদের সঠিক ভাষা হতে পারে না। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যেকোনো সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ, মতামত বা সম্পাদকীয় অবস্থানের সঙ্গে দ্বিমত থাকতেই পারে। তবে এর প্রতিবাদ করার জন্য সুন্দর ও সভ্য পদ্ধতি রয়েছে। জনসম্মুখে কোনো পত্রিকা ছিঁড়ে ফেলা বা অবমাননাকর আচরণের মাধ্যমে প্রতিবাদ জানানো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, সম্প্রতি রাজনৈতিক নেতা রাশেদ খান লাইভে এসে ‘আমার দেশ’ পত্রিকা জনসম্মুখে ছিঁড়ে ফেলার যে ঘটনা ঘটিয়েছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তা সমর্থন করে না। মতের অমিলের কারণে সংবাদপত্রের প্রতি এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের বহুত্ববাদী পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
তিনি বলেন, একটি সংবাদপত্রের কোনো প্রতিবেদন বা বক্তব্যের সঙ্গে আপত্তি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার প্রতিবাদ করা, প্রতিবাদলিপি পাঠানো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা অথবা আইনি পন্থায় বিষয়টি মোকাবিলা করা যায়। কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেলা, অপমান করা বা উত্তেজনাপূর্ণ প্রদর্শনী কোনোভাবেই সমস্যার সমাধান হতে পারে না।
জমিয়ত মহাসচিব আরও জোর দিয়ে বলেন, আজ যদি একটি পত্রিকার মতের সঙ্গে দ্বিমত পোষণ করে সেটিকে প্রকাশ্যে অপমান করা হয়, তাহলে আগামীকাল ভিন্নমতের অন্য কোনো সংবাদমাধ্যমও একই ধরনের আচরণের শিকার হতে পারে। তাই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মতভিন্নতাকে সহনশীলতার সঙ্গে মোকাবিলা করা অত্যন্ত জরুরি।
তিনি রাশেদ খানের ওই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, প্রতিবাদ হতে হবে যুক্তি, তথ্য ও সভ্য ভাষায়। সংবাদপত্র ছিঁড়ে ফেলা বা অবমাননা করা প্রতিবাদের ভাষা হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।


























