শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। লাহোরের ফাইনালে ৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে তিন উইকেটে ঐতিহাসিক জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। এই জয়ে পাকিস্তান একাধিক রেকর্ডও গড়েছে।
ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে একই লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। ফাইনালের এই ম্যাচে দুই দলের সম্মিলিত রান ছিল ৬৫৬, যা ত্রিদেশীয় সিরিজ কিংবা ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৬৫১ রানের।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর এই প্রথম কোনো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান, যা তাদের নয় বছরের শিরোপা খরা কাটালো। ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ফখর জামান, যিনি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে দুটি সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার। এর আগে কেবল সাঈদ আনোয়ার এই কীর্তি গড়েছিলেন।
ফখর জামান ওয়ানডেতে ৩০০-এর বেশি রান তাড়া করতে গিয়ে চারটি সেঞ্চুরি করেছেন, যা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বাবর আজম ও ইউনিস খানের এমন সেঞ্চুরি রয়েছে তিনটি করে। এছাড়া, ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে চার হাজার রান পূর্ণ করেন ফখর। পাকিস্তানিদের মধ্যে তার চেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন শুধু বাবর আজম (৮২ ইনিংস)।
ওয়ানডে নকআউট ম্যাচে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় সংগ্রহ। এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তারা ৩৩৮ রান করেছিল। শ্রীলঙ্কার হয়ে ফাইনালে কামিন্দু মেন্ডিসের ১৩১ রানের ইনিংসটি ওয়ানডে ফাইনালে তাদের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে রেকর্ডবুকে স্থান করে নিয়েছে।

























