বিগত ফ্যাসিবাদী আমলে গুম ও নিখোঁজ হওয়া যুবদলের নেতাকর্মীদের দ্রুত সন্ধান এবং অবর্ণনীয় নির্যাতনকারীদের বিচারের জোর দাবি জানানো হয়েছে। শনিবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অজিফা খাতুন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানান বক্তারা।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও নোয়াখালী জেলা সভাপতি মনজুরুল আজিম সুমন প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম, জেল-জুলুম ও মিথ্যা মামলা উপেক্ষা করে বিএনপি এ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। ২০২৬ সালে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে সাধারণ মানুষ এখন নির্ভয়ে শান্তিতে বাস করছে।
অতীতের নির্যাতনের চিত্র তুলে ধরে মনজুরুল আজিম সুমন আরও বলেন, বিগত সরকারের সময় আমাদের বহু নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। যারা এখনো নিখোঁজ, আমরা তাদের সন্ধান চাই। পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করি এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। বর্তমানে পতিত স্বৈরশাসক ও স্বাধীনতাবিরোধী চক্র সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। দখল, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা প্রস্তুত। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


























