কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নে ফসলি জমির পাশের একটি নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবির সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া ইউনিয়নের কেচোবুনিয়াছড়া এলাকায় জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নালার পানির নিচে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার খালেদা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার দুই ছেলে এই কারবারে জড়িত। এ ঘটনায় তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।


























