খুলনা নগরের চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে এসআরবি। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে খুলনা সদর থানার আহমাদিয়া মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবকের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী সংস্থাটি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


























