মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় প্রদান করেন। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গলের পূর্ব লইয়ারকুল গ্রামে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাইয়ের দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।


























