মায়ের দাফন সম্পন্ন হওয়ার পরদিনই চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। মো. খোরশেদ আলম নামের ওই প্রবাসী দীর্ঘ ৪৯ বছর প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন মায়ের মৃত্যুর খবর পেয়ে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান খোরশেদ আলম। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ অক্টোবর তার মা মারা গেলে পরদিন দেশে ফিরে তিনি দাফন সম্পন্ন করেন। এরপর ২১ অক্টোবর দুপুরে চান্দগাঁও থানার মোহাম্মদনগর ফরিদারপাড়া হালদা রোড এলাকায় তার নির্মাণাধীন ভবনে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
মামলার এজাহার অনুযায়ী, ২১ অক্টোবর বেলা আড়াইটার দিকে মকসুদুল আলমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। এ সময় ভবনের দারোয়ান শাহজাহানকে মারধর এবং ভবনের সিঁড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খোরশেদ আলমের দাবি, হামলাকারীরা ভবন থেকে ২৬৭ বস্তা সিমেন্ট, সাড়ে তিন টন রড এবং প্রায় দুই লাখ টাকার সেন্টারিংয়ের কাঠসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে ভাঙচুরের মাধ্যমে প্রায় তিন লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি করা হয়। তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, “আমরা রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে তিলে তিলে অর্থ উপার্জন করে দেশে পাঠাই। যদি দেশে এসে আমাদের নিজেদের সম্পত্তি ও নিরাপত্তা সুরক্ষিত না থাকে এবং এর সুষ্ঠু বিচার না পাই, তবে দেশের রেমিটেন্স সেক্টর মারাত্মক হুমকির মুখে পড়বে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।


























