বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরির লক্ষ্যেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি প্রতিষ্ঠান ও খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো খাতকেই জবাবদিহিতার বাইরে রাখার সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন, দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও প্রত্যন্ত ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। অনেক দরিদ্র পরিবার যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বাধ্য হয়, তাই শুধু পরিসংখ্যানে আসল চিত্র উঠে আসে না। এ সময় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প উৎসের ব্যবহার বাড়াতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।


























