সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে মঙ্গলবার সংঘর্ষ চলাকালেই ঘটনাস্থলে নিহত হন মতিউর রহমান (৫০)। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই এবং উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে, যার মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আলমগীরের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের জমিতে সেচ দেওয়া ও মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে মঙ্গলবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ছুলফির আঘাতে মতিউর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেটে পাঠানো হলে বুধবার সকালে মুজিবুরের মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


























