বিএনপিকে তাদের অপরাজনীতি ও সহিংসতার জন্য কঠোর পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা সহিংসতায় সাধারণ মানুষের পাশাপাশি নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম দলীয় কোন্দলের শিকার হয়েছেন। গুরুত্বপূর্ণ একজন স্থানীয় নেতা নিহতের পরও কেন্দ্রীয় নেতাদের নীরব অবস্থান নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সাদিক কায়েম আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি বা সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে সাময়িক বহিষ্কারের মাধ্যমে পার দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। এই অপসংস্কৃতি ও সন্ত্রাসের পথ পরিহার করা না হলে বিএনপিকে জনগণের চরম ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হবে।


























