চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এস এ পরিবহনের একটি শাখা থেকে ডিবির সদস্য পরিচয়ে তিনটি পার্সেল আত্মসাতের চেষ্টার সময় পুলিশের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত কৃষাণ বড়ুয়া নামের ওই পুলিশ সদস্য বর্তমানে কুমিল্লা জেলা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণার অভিযোগে তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় ও কর্মস্থলের বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
কুরিয়ার সার্ভিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য পরিচয় দিয়ে একাধিক পার্সেল নিয়ে গিয়েছিলেন। গত রাতে পুনরায় এসআই পরিচয়ে অবৈধ মালামাল জব্দের কথা বলে পার্সেলগুলো নেওয়ার চেষ্টা করলে কর্মচারীদের সন্দেহ হয়। পরে তারা তাকে আটকে রেখে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।


























