প্রয়োজনীয় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষুব্ধ কৃষকরা। এ সময় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ তোলেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটে।
মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলারের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও সার পাচ্ছেন না, অথচ রাতেই গোপনে পছন্দের লোকজনকে সার পাইয়ে দেওয়া হচ্ছে। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সার সরবরাহের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।


























