প্রয়োজনীয় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন তিস্তা চরাঞ্চলের কৃষকরা। হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এই বিক্ষোভের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও কালোবাজারে সার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন আন্দোলনকারী কৃষকরা।
কৃষকদের অভিযোগ, চাষাবাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার চেষ্টা করেও তারা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না, যা তাদের চরম বিপাকে ফেলেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন মিত্র। তিনি জানান, পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কার্ডধারীদের তালিকা অনুযায়ী খুব দ্রুত সুষ্ঠুভাবে কৃষকদের মাঝে সার বিতরণ করা হবে।


























