২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজপথে নিশ্চিহ্ন করার চক্রান্তে তৎকালীন জোট সরকারের প্রধান শরিক দল বিএনপির একটি অংশ জড়িত ছিল বলে মন্তব্য করেছেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বর্বরতার মুখেও নয়াপল্টন থেকে কোনো ধরনের সহায়তা না দিয়ে জামায়াতকে পরিকল্পিতভাবে বিপদে ফেলা হয়েছিল।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংসদ সদস্য বলেন, সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে সকাল থেকেই জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলেও একই জোটের শরিক হওয়া সত্ত্বেও বিএনপি নয়াপল্টনে আলাদা সমাবেশ ডাকে। তিনি প্রশ্ন তোলেন, কেন সেদিন দুটি দলের সমাবেশ এক জায়গায় হয়নি এবং নয়াপল্টনের কার্যালয় থেকে কোনো সহযোগিতার হাত বাড়ানো হয়নি?
তিনি আরও বলেন, পুরো বিএনপি এই চক্রান্তের সঙ্গে জড়িত না থাকলেও তাদের একটি সুবিধাভোগী অংশ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিল। একই সঙ্গে তিনি ভবিষ্যতে যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।


























