পরিবারের সিদ্ধান্তে আজ নয়, শনিবার জানাজা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না। মরদেহ সরাসরি হিমাগারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এর আগে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে সিঙ্গাপুর থেকে আগত বিমানটি ঢাকায় অবতরণ করে।
ইনকিলাব মঞ্চ জানায়, হিমাগারে মরদেহ সংরক্ষণের পর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার কোনো কর্মসূচি পালিত হচ্ছে না।
পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজন করা হবে। এ কারণে শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানানো হয়।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, আজ ও আগামীকাল ছাত্র-জনতা যেন সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যান, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে সহিংসতা সৃষ্টি বা আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে—সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, মরদেহ সরাসরি দেখার কোনো সুযোগ রাখা হবে না। সবাইকে শান্ত থাকার পাশাপাশি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
















