বলিউড অভিনেত্রী অনীত পড্ডা তার অভিষেক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। তার এই তারকা খ্যাতির এক বছরের মধ্যেই যশ রাজ ফিল্মস তাদের পরবর্তী সিনেমা ‘বেপরওয়া’ ঘোষণা করেছে। আলী আব্বাস জাফর পরিচালিত এই রোমান্টিক অ্যাকশন-ড্রামায় প্রথমবার জুটি বেঁধেছেন আহান পান্ডে ও শর্বরী।
আগামী বছর ২৬ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেপরওয়া’। গুড ফ্রাইডে-র ছুটির দিনে মুক্তি পাচ্ছে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটি। মোহিত সুরির পরিচালনায় ওয়াইআরএফ-এর মিউজিক্যাল রোমান্স ‘সাইয়ারা’ দিয়ে আহান পান্ডের অভিষেক হয়েছিল, যেখানে তিনি নবাগতা অনীত পাদ্দার বিপরীতে অভিনয় করেন। ২০২৫ সালের অন্যতম বড় হিন্দি হিট হিসেবে বিবেচিত ‘সাইয়ারা’ বিশ্বজুড়ে ৬৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় প্রেমের গল্পের রেকর্ড গড়ে।
‘বেপরওয়া’র সঙ্গে যুক্ত হয়েছেন এমন একজন পরিচালক, যিনি যশ রাজ ফিল্মসের বেশ কয়েকটি বড় অ্যাকশন হিট সিনেমার পেছনে ছিলেন। ছুটির মৌসুমে মুক্তির সুযোগ থাকায়, সিনেমাটি বক্স অফিসে কেমন করবে তা নিয়ে ইন্ডাস্ট্রিতে এখন শুধু একটাই প্রশ্ন—এটি কতটা বড় সাফল্য অর্জন করতে পারে।
পরিচালক আলী আব্বাস জাফরেরও রয়েছে সাফল্যের দীর্ঘ ইতিহাস। ‘বেপরওয়া’ আদিত্য চোপড়ার সঙ্গে তার পঞ্চম কাজ। এই ছবির চিত্রনাট্য রচনায় চোপড়া জাফরের সহযোগী ছিলেন। ২০১১ সালের রোমান্টিক কমেডি ‘মেরে ব্রাদার কি দুলহান’ দিয়ে তাদের যৌথ যাত্রা শুরু হয়। এরপর ২০১৪ সালের ক্রাইম ড্রামা ‘গুন্ডে’ এবং সালমান খানের দুটি ব্লকবাস্টার সিনেমা—২০১৬ সালের কুস্তিভিত্তিক ড্রামা ‘সুলতান’ ও ২০১৭ সালের স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’—এর মাধ্যমে তাদের কাজের ধারা চূড়ান্ত শিখরে পৌঁছায়।
ওয়াইআরএফ-এর বাইরে জাফর ২০১৯ সালে সালমান খানের সঙ্গে ‘ভারত’ সিনেমায় কাজ করেছেন। এছাড়া প্রাইম ভিডিওর জন্য রাজনৈতিক ড্রামা সিরিজ ‘তাণ্ডব’ (২০২১) তৈরি করেন এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (২০২৪) পরিচালনা করেছেন।
অন্যদিকে, শর্বরীও নিজের সাফল্যের ধারা বজায় রেখে এগিয়ে আসছেন। ওয়াইআরএফ-এর ‘বান্টি অউর বাবলি ২’ (২০২১) দিয়ে অভিষেকের পর, ২০২৪ সালের হরর-কমেডি ‘মুঞ্জ্যা’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ছবিটি ১৪ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে। এই জুলাই মাসে মুক্তি পাওয়া ‘আলফা’ সিনেমায় তিনি আলিয়া ভাটের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ‘আলফা’ হলো ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের প্রথম সিনেমা, যেখানে নারী চরিত্রগুলো মূল ভূমিকায় রয়েছে।
অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ববি দেওল, যিনি ‘আলফা’-এর পর আবারও শর্বরীর সঙ্গে কাজ করছেন। এছাড়াও শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি ঐশ্বর্য ঠাকরে এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। এতদিন পর্যন্ত এই প্রজেক্টটি ‘জাফরের পরবর্তী নামহীন সিনেমা’ হিসেবেই পরিচিত ছিল। জুলাই মাসে যুক্তরাজ্যে চলচ্চিত্রটির সিংহভাগ চিত্রধারণের সময় যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) ২০২৭ সালের মার্চ মাসটিকে মুক্তির তারিখ হিসেবে চূড়ান্ত করে।
অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা এবং অনন্যা পান্ডের কাজিন আহান পান্ডের সামনে এখন দ্বিতীয় চলচ্চিত্রের সেই চিরাচরিত অগ্নিপরীক্ষা। ‘বেপরওয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে ওয়াইআরএফ বাজি ধরেছে যে তিনি এই পরীক্ষায় সফল হবেন। প্রয়াত যশ চোপড়া ১৯৭০ সালে সালে যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, বর্তমানে তার ছেলে আদিত্য চোপড়া সেটির নেতৃত্ব দিচ্ছেন।
যশ রাজ ফিল্মস ভারতের অন্যতম প্রভাবশালী স্টুডিও হিসেবে আজও টিকে আছে। তাদের ‘স্পাই ইউনিভার্স’ বা গুপ্তচর-কেন্দ্রিক চলচ্চিত্র মহাবিশ্বের অন্তর্ভুক্ত সিনেমাগুলোর মধ্যে জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’, পাশাপাশি ‘ওয়ার’ ও ‘পাঠান’-এর মতো চলচ্চিত্রগুলোও রয়েছে।

























