সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছরের শাসনব্যবস্থা হঠানো সম্ভব হয়নি উল্লেখ করে সংবিধানের প্রতি অতিরিক্ত নির্ভরতা বা মোহ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে অতীতে আন্দোলন সফল করা যায়নি, কেবল অনুমতি নিয়ে সামান্য কিছু সভা-সমাবেশ করা সম্ভব হয়েছিল। সংবিধান মানলে নির্দিষ্ট সময়ে নির্বাচনও অনুষ্ঠিত হতো না।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, এই সংবিধান একটি নির্দিষ্ট শাসনব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছিল। অতীতে বারবার সংবিধান সংশোধন ও পরবর্তীতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার নজির থাকায় তারা এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন। বক্তব্যে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে।
একই আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, একপেশে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদ গঠন এবং দেশের সার্বিক সংকটের দ্রুত টেকসই সমাধানের দাবি জানান।


























