শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদ ও রাজপথ—উভয় ময়দানেই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে উল্লেখ করে তিনি ক্রাফট ফেডারেশন, জাতীয় ইউনিয়ন ও বিভিন্ন খাতের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘জাতীয় ট্রেড ইউনিয়ন কর্মশালা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ট্রেড ইউনিয়ন ও সেক্টর প্রতিনিধিরা অংশ নেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় পর্যায়ে শ্রমিক নেতৃত্বের দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ। ১৯৬৮ সালের ২৩ মে তৎকালীন শ্রম আইন অনুযায়ী ইসলামী আদর্শকে ধারণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। শ্রমিকদের ঐক্যবদ্ধ করা, ইসলামের দাওয়াত পৌঁছানো এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, কলকারখানার শ্রমিকদের শোষণ-বঞ্চনা দূর করতে এবং জীবনমান উন্নয়নে ট্রেড ইউনিয়নের ভূমিকা অপরিসীম। রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কেবল মেহনতি মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনসম্মত ও নিবন্ধিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত করতে হবে। এ সময় তিনি শ্রমিকদের মধ্য থেকেই দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


























