অনুমোদনহীন যানবাহনের অতিরিক্ত চাপ, যত্রতত্র পার্কিং এবং সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডের কারণে তীব্র যানজটে ক্রমেই স্থবির হয়ে পড়ছে ফেনী শহরের জনজীবন। প্রতিদিনের এই দীর্ঘ যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ফেনী শহরে চলাচলের জন্য অনুমোদিত সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা মাত্র পাঁচ হাজার হলেও বর্তমানে প্রতিদিন দাপিয়ে বেড়াচ্ছে ২৫ হাজারের বেশি সিএনজি। এর পাশাপাশি শহরে চলছে নয় হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড ও কলেজ রোডের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর দুই পাশে রয়েছে বড় বড় বিপণিবিতান, শোরুম, ব্যাংক এবং চিকিৎসালয়। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নিজস্ব পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় ক্রেতা ও সেবাগ্রহীতাদের গাড়ি রাখতে হচ্ছে মূল সড়কের ওপরই, যা চলাচলের রাস্তা সংকুচিত করে তুলছে।
স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অন্তত ১০টির বেশি অবৈধ সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। এছাড়া দিনদুপুরে নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা অমান্য করে শহরে দূরপাল্লার বাস ও ভারী মালবাহী ট্রাক বা বালুবাহী যানবাহন ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
যানজটের এই স্থায়ী সংকট নিররণে বিচ্ছিন্ন অভিযান নয়, বরং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, অনুমোদনহীন যানবাহন নিয়ন্ত্রণ, বাণিজ্যিক এলাকায় পরিকল্পিত পার্কিং সুবিধা তৈরি এবং ট্রাফিক পুলিশ, পৌরসভা ও জেলা প্রশাসনের মধ্যে কঠোর সমন্বিত উদ্যোগ গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন ফেনীর সচেতন নাগরিক ও নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা।


























