সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ ও বিভিন্ন খাতে আধিপত্য বিস্তারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির নেতা-কর্মীদের পড়াশোনা ও যোগ্যতার ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে এনসিপি নেতা উল্লেখ করেন, সড়ক, পরিবহন স্ট্যান্ড, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং দখলের রাজনীতির পর এবার চাকরির বাজারকেও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন করেন, পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নফাঁসের আশ্রয় কেন নিতে হবে?
দেশ পরিচালনায় কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে মেধাভিত্তিক ও স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, যোগ্যতার জায়গায় তদবির আর পরীক্ষার জায়গায় প্রশ্নফাঁস চলতে থাকলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এ ধরনের নীতিহীন কর্মকাণ্ড শেষ পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জন্যই চরম ক্ষতি ডেকে আনবে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষ অংশে নাসীরুদ্দীন পাটওয়ারী সব ধরণের কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান চেয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বান জানান।


























