অনলাইনে ঘরে বসে সহজে উপার্জনের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত নারীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা।
সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে অভিযুক্ত প্রীয়ন্তী সরকারকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানে দেখা যায়, প্রতারক চক্রটি একটি আন্তর্জাতিক ট্রাভেল প্ল্যাটফর্মের নকল ওয়েবসাইটের মাধ্যমে ভুক্তভোগীকে বিভিন্ন পর্যটনকেন্দ্রের পক্ষে ইতিবাচক মতামত দেওয়ার কাজ দেয় এবং শুরুতে কিছু অর্থ দিয়ে তার আস্থা অর্জন করে।
পরবর্তীকালে বেশি মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও ডিজিটাল মাধ্যমে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেওয়া হয়। কাঙ্ক্ষিত অর্থ ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পল্টন থানায় মামলা দায়ের করেন। সিআইডি জানায়, একই মামলায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


























