মুদ্রণ প্রতিষ্ঠানগুলো নিম্নমানের কিংবা চাহিদার তুলনায় কম বই দিলে তা কোনো অবস্থাতেই গ্রহণ না করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন পাঠ্যবই পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
রাজধানীর মহাখালীতে অবস্থিত মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে আয়োজিত বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর স্কুল, কলেজ ও মাদরাসার পরীক্ষা শেষ হওয়ার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মাদরাসা প্রধানদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, স্পেসিফিকেশন অনুযায়ী ভালো কাগজ ও মানসম্মত বাইন্ডিং না থাকলে এবং চাহিদার চেয়ে কম সংখ্যা হলে একটি বইও রিসিভ করবেন না।
তিনি আরও জানান, অতীতে যেসব প্রিন্টার্স সময়মতো কিংবা সঠিক মানে বই দেয়নি, তাদের বিষয়ে এবার কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রিন্টিং বিলের বড় অংশ পরিশোধ করা হলেও ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছানোর পর সার্বিক মান পর্যালোচনা করেই অবশিষ্ট অর্থ প্রদান করা হবে। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু এবং ৭৭ হাজার নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথাও সমাবেশে তুলে ধরা হয়।


























