শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ের উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
শনিবার সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে আয়োজিত ‘টিচিং অ্যান্ড এসেসমেন্ট ইন ওবিই কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।
বাউবি উপাচার্য বলেন, কেবল পরীক্ষা ও সনদকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। এজন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা অংশ নেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাওসার।


























