ভোলার দৌলতখানে পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিব মাঝি (৩১)। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে। অভিযানকালে তাঁর কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইচগিয়ার উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


























