ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বেশি দিন টিকতে পারবেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, “তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশি দিন।”
নরেন্দ্র মোদির পতন ঘটলে ভারতের রাজনীতি ও সমাজে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা তুলে ধরে তিনি লেখেন, মোদির পতন হলে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা হলেও বদলাবে। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী ও উগ্রবাদী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলনামূলক নিঃসঙ্গ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমে যাবে এবং ভারতীয় সমাজে বিদ্যমান তীব্র বৈষম্যও কিছুটা হ্রাস পাবে বলে তিনি মনে করেন।
সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, নরেন্দ্র মোদি ও তাঁর উগ্র রাজনৈতিক নীতির বলি হয়ে বিগত দিনে বাংলাদেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী ও নির্যাতিত হয়েছে। মোদির পতন ঘটলে সেই ভুক্তভোগী মানুষ ও তাদের পরিবার কিছুটা হলেও মানসিক সান্ত্বনা পাবে। পরিশেষে তিনি লেখেন, বিশ্বের অনেকের মতো তিনিও অধীর আগ্রহে নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় রয়েছেন।


























