নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। গত পাঁচ দিনের ধারাবাহিক এই অভিযানে প্রায় ৫০০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
জেলা শহর ও বিভিন্ন উপজেলার বিনোদনকেন্দ্র, পার্ক, স্কুল-শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, অলিগলি এবং হাটবাজারগুলোতে নিয়মিত আড্ডা জমায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় এনটিএস, বিটিআর, কেটিজিসহ অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ছদ্মনামে পরিচালিত এসব গ্রুপের নিজস্ব নেটওয়ার্ক ও বিভিন্ন উপদল রয়েছে, যারা স্কুলপড়ুয়া কিশোরদের নিজেদের দলে ভেড়াচ্ছে।
অভিযুক্ত কিশোররা চুরি, ছিনতাই, মারামারি, ইভটিজিং ও মাদক ব্যবসার মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের অনেকের কাছেই দামি মোবাইল ফোন এবং দ্রুতগতির মোটরসাইকেল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেও তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোর গ্যাংয়ের এই দৌরাত্ম্য কঠোরহস্তে দমনে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।


























