ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব ও নিকাব পরিহিত এক ছাত্রীকে কটাক্ষ এবং ‘জঙ্গি’ ও ‘ফান্ডামেন্টালিস্ট’ বলে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে প্রগতিশীলতার আড়ালে হিজাব ও নিকাববিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই। অভিযুক্ত শিক্ষকের এমন মন্তব্যকে ব্যক্তিগত হিজাবোফোবিয়া বা বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটানো, কিন্তু এখনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এমন সংস্কৃতির ধারকদের অবস্থান দুঃখজনক।
সহপাঠীর ওপর এমন আচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও স্বতঃস্ফূর্ত অবস্থানের প্রশংসা করেছে সংগঠনটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় ধর্মীয় পোশাক নিয়ে বৈষম্য ও হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।


























