বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ব্যতিক্রমী উপায়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে তারা প্রিয় শিক্ষকদের বরণ করে নেয়।
সোমবার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন শাখার শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই আয়োজনের আয়োজন করে। তারা শিক্ষকদের হাতে ফুল, চকলেট, কলম ও শুভেচ্ছা কার্ড তুলে দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। সাধারণত আলোচনা সভার মাধ্যমে এই দিবসটি পালন করা হলেও শিক্ষার্থীদের এমন উদ্যোগ শিক্ষক-শিক্ষিকাদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সম্মান শিক্ষকদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























