ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করে ছবিটি। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘সুদূর তাসকানি থেকে অত্যন্ত আনন্দের খবর এসেছে। লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি। এই অর্জন আমাদের সিনেমার প্রাসঙ্গিকতার আরেকটি বড় প্রমাণ।’ এ সময় তিনি ছবির পুরো টিম ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা-পরিচালক মিকেলে রিওনদিনোর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ছবিটির ভূয়সী প্রশংসা করেছে। তাদের মতে, আপাতদৃষ্টিতে সাধারণ একটি গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বের গণতন্ত্রের নানামুখী সংকট ও আদর্শবান শিক্ষকের সততার লড়াই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
ছবিটির অন্যতম প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আশা করি, এটি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলবে।’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।


























