শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান।


























