রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানা, ফুটপাত, অ্যাম্বুলেন্স ও মাদক কারবারিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, এসআরবি তাকে গ্রেপ্তার করার পর শেরেবাংলা নগর থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, আগারগাঁও এলাকার একটি ছয়তলা পোশাক কারখানা থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায় এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে মিজানুর রহমান স্বপনের বিরুদ্ধে।


























