সাংবাদিকদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলো তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।
আন্দোলনরত সাংবাদিকরা জানান, প্রশাসনের কাছে তাদের ছয়টি দাবির মধ্যে হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়ার দাবিটি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছে। বাকি পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন তিন দিন সময় চেয়েছে। তারা আশা করছেন, এই সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও হল প্রভোস্ট তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি এবং সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ মুছে ফেলারও অভিযোগ করেন সাংবাদিকরা। তবে হল প্রভোস্ট এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সংস্কারকাজের কারণে সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো ফুটেজ রেকর্ড হয়নি।


























