ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাকিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা একটি পোলট্রি খামারের তীব্র দুর্গন্ধে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ায় শিক্ষকরা শিক্ষার্থীদের বাধ্য হয়ে খোলা আকাশের নিচে গাছতলায় বসিয়ে ক্লাস নিচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ এবং কমছে শিক্ষার্থীর উপস্থিতি।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, ওই এলাকার মলিনা বেগম নিজ বাড়িতে এই পোলট্রি খামারটি গড়ে তোলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের একেবারেই কাছে হওয়ায় খামার থেকে সার্বক্ষণিক তীব্র দুর্গন্ধ ছড়ায়। মাদরাসা কর্তৃপক্ষ এ বিষয়ে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান মাদরাসার সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ।
খামারের মালিক মলিনা বেগম জানান, মুরগির বয়স বাড়লে শেষের ১০ দিনের মতো কিছুটা দুর্গন্ধ হয়, যা সাময়িক। তবে অভিভাবক ও পথচারীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে খামার থাকায় যাতায়াত ও স্বাভাবিক পড়াশোনা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়রা অবিলম্বে এটি অপসারণের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বিষয়টি তদন্ত করে অতিদ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


























