বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি টেকসই, সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রস্তাবিত এই অ্যাকাডেমি নির্মাণের জন্য প্রাথমিকভাবে উপযুক্ত জমি ও স্থান নির্বাচনের কাজ জোরকদমে চলছে। ইতোমধ্যে কমিশন থেকে দুই-তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে এবং শিগগিরই একটি স্থান চূড়ান্ত করা হবে।
রোববার (৪ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব কথা জানান।
উচ্চশিক্ষায় শিক্ষক প্রশিক্ষণের অপরিহার্যতা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত ও অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধিই মানসম্মত শিক্ষার মূল ভিত্তি। উচ্চশিক্ষার গুণগত মান বহুলাংশে নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণার সক্ষমতা ও অ্যাকাডেমিক নেতৃত্বের ওপর। ফলে শিক্ষক প্রশিক্ষণকে কোনো বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে না দেখে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।
অধ্যাপক মামুন আহমেদ আরও জানান, ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার মানোন্নয়নে এই বিশেষায়িত জাতীয় অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে। প্রস্তাবিত অ্যাকাডেমিতে কেবল নবীন বা জুনিয়র শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে না; বরং উপাচার্য, উপ-উপাচার্য, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গের জন্য নেতৃত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে। পাশাপাশি ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রয়োজনভিত্তিক আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, অ্যাকাডেমিটি সুপরিকল্পিতভাবে নির্মাণের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। স্থান চূড়ান্ত হওয়ার পরপরই এই মাস্টারপ্ল্যানের ওপর ভিত্তি করে অবকাঠামোগত উন্নয়নসহ পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রস্তাবিত এই ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমিকে বিশ্বমানের (আন্তর্জাতিক মানসম্পন্ন) করে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, শুরু হওয়া ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর সপ্তম ও অষ্টম ব্যাচে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। তিন মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, উন্নত গবেষণা, কোর্স কারিকুলাম প্রণয়ন, অ্যাকাডেমিক ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ উচ্চশিক্ষার আনুষঙ্গিক নানা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ-উল-ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. জহির রায়হান এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি, হিট প্রকল্প ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


























