সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও অনেক প্রার্থী এখনো নিয়োগপত্র হাতে পাননি। এর ফলে তারা চাকরিতে যোগদান নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রার্থীদের অভিযোগ, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর উপজেলা ও জেলা শিক্ষা অফিসসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বারবার যোগাযোগ করেও তারা কোনো সুরাহা পাচ্ছেন না। রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তারা পাননি।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত এই নিয়োগ পরীক্ষার ফলাফলে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে কাগজপত্র যাচাই ও পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগপত্র প্রদান শুরু হলেও বহু প্রার্থী এখনো তা থেকে বঞ্চিত রয়েছেন। প্রার্থীরা দ্রুত এ জটিলতার অবসান চান।


























